পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতি-গোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক সংগঠন ‘সিএইচটি সম্প্রীতি জোট’। সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ইঞ্জিনিয়ার খোয়াইচিং মং শাক আহ্বায়ক, ইখতিয়ার ইমন সদস্য সচিব এবং পাইশিখই মার্মা মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংবাদ সম্মেলনে বক্তারা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও সম্প্রীতি রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ‘ভারতীয় আগ্রাসনের’ বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে তারা পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পর্যটন খাত উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। আয়োজনে ত্রিপুরা, মারমা, চাকমা ও বাঙালিসহ ১৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।