নীলফামারীর ডিমলা উপজেলায় ৯ম শ্রেণীর এক ছাত্রীকে আটক রেখে গণধর্ষণের অভিযোগ। এ ঘটনায় দুই যুবককে আসামী করে ডিমলা থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন—উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামের রবিউল ইসলাম শুকারুর ছেলে কাজল রানা (২১) এবং বরকত আলীর ছেলে মুন্না ইসলাম মান্নান (২৪)।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভিকটিম ওই কিশোরী দীর্ঘদিন ধরে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করে আসছিল। ঘটনার দিন গত রোববার (৫ এপ্রিল) সকালে তার নানি ও মা চিকিৎসার জন্য রংপুরে যান। বাড়িতে তখন ভিকটিম ও তার ১৩ বছর বয়সী ছোট বোন একা ছিল। দুপুর ২টার দিকে অভিযুক্ত দুই যুবক ওই কিশোরীকে ফুসলিয়ে জোর করে পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা ৭টা পর্যন্ত তাকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে তারা। সন্ধ্যা পর্যন্ত মেয়েটি বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভুট্টা ক্ষেত থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। গভীর রাতে নানি বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পেরে নাতনিকে নিয়ে ডিমলা থানায় হাজির হন। সোমবার সকালে তিনি বাদী হয়ে অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করেন।