পড়াশোনা করেছেন মাত্র মাধ্যমিক পর্যন্ত। তাতে কী! গায়ে সাদা অ্যাপ্রন, গলায় স্টেথেস্কোপ আর বুকে ঝুলানো ঢাকা মেডিকেল কলেজের ভুয়া আইডি কার্ড–পুরোদস্তুর ‘চিকিৎসক’ সেজে এক মাস ধরে দাপিয়ে বেড়িয়েছেন ঢামেক চত্বরে। তবে শেষ রক্ষা হলো না। এক ‘টিকটকার’ তরুণীর এই দুঃসাহসিক প্রতারণার অবসান ঘটেছে মেডিকেল শিক্ষার্থীদের হাতেই।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী কমনরুম থেকে মনিকা আক্তার মিতু (৩২) নামের ওই ভুয়া নারী শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।