রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ শাটল বাস দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মগবাজার-মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটির একটি চাকা হঠাৎ ব্লাস্ট (পাংচার) হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সামনে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা শিক্ষার্থীরা আহত হন। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল ও শমরিতা হাসপাতালে নেওয়া হয়।