RDB JOURNAL
শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

জলঢাকায় মোয়াজ্জিন ফরিদুল হত্যা মামলার ৩ আসামি ঢাকা থেকে গ্রেপ্তার, আদালতে প্রেরণ

নীলফামারীর জলঢাকা উত্তর দেশীবাই এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারি থামাতে গিয়ে নিহত নিরীহ মোয়াজ্জিন ফরিদুল ইসলাম (৬৫) হত্যা মামলার প্রধান তিন আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—এনামুল হক, হামিদা বেগম ও হাচানুর রহমান। আজ তাদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।


পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে উত্তর দেশীবাই এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই এলাকার মৃত আনা উল্লাহর ছেলে এবং স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ফরিদুল ইসলাম মারামারি থামাতে গেলে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এলাকার একজন নিরীহ মোয়াজ্জিনের এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুকে স্থানীয় এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারেনি। ঘটনার পর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাকা। ঘাতকদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয় সর্বস্তরের জনগণ এক বিশাল মানববন্ধন কর্মসূচিও পালন করেন।
ঘটনার পর থেকেই মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। পুলিশ ভিকটিমের শোকসন্তপ্ত পরিবার ও ক্ষুব্ধ এলাকাবাসীকে আশ্বস্ত করেছিল যে আসামিদের যেকোনো মূল্যে আইনের আওতায় আনা হবে। সেই ধারাবাহিকতায় পুলিশের নিরলস প্রচেষ্টা এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় অভিযান পরিচালনাকারী দল।
পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন, "আমরা ভিকটিমের পরিবার ও এলাকাবাসীকে দেওয়া কথা রেখেছি। ঘটনার পর থেকেই আমাদের টিম আসামিদের ট্র্যাক করছিল। অবশেষে তিন আসামিকে গ্রেপ্তার করে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি থাকা একমাত্র আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
এদিকে মূল আসামিরা গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। তারা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Comments

এলাকার খবর