সমাজসেবা
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করলো আর.ডি.বি ফাউন্ডেশন
“সবুজে গড়ি বাংলাদেশ, রক্ষা করি পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর.ডি.বি ফাউন্ডেশন (রুখে দাঁড়াও বাংলাদেশ) এর উদ্যোগে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ কর্মসূচী-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
কর্মসূচীর আওতায় উপজেলার বড়ভিটা, কালিকাপুর ও পুটিমারী ইউনিয়নের বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ১০টি প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। রোপণকৃত চারার মধ্যে ছিল কাঁঠাল, মালটা, পেয়ারা, জলপাই ও মেহগনি। এসব গাছ ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও এতিম শিশুদের জন্যও উপকারী হবে।
বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন আর.ডি.বি ফাউন্ডেশনের প্রধান তত্ত্বাবধায়ক ও পরিচালক মোঃ ইন্তেজামুল হক রানা, উপদেষ্টা সিরাজুল ইসলাম এবং কিশোরগঞ্জ ইউনিটের সদস্যবৃন্দ। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষ রোপণ সবচেয়ে কার্যকর ও সহজ উদ্যোগগুলোর একটি। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, মাটি সংরক্ষণ এবং জীববৈচিত্র্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আর.ডি.বি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—সবুজ বাংলাদেশ গড়াই” এই অঙ্গীকারের মধ্য দিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী-২০২৬ সফলভাবে সমাপ্ত হয়।

Comments
Post a Comment